॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের জন্য জরুরি ত্রাণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় রোয়াংছড়ি উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের আয়োজনে সভায় সঞ্চালনা করেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার উসাইম্যা মারমা। সভাপতিত্ব করেন হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মংমংসিং মারমা। প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত দেব, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ্র চৌধুরী এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বান্দরবান এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার।
সভায় প্রকল্পের আওতায় উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় তুলে ধরেন রোয়াংছড়ি এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাংম্বুগং। তিনি স্লাইড প্রেজেন্টেশনের মাধ্যমে উপকারভোগী পরিবার নির্বাচনের মানদন্ড তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, উপকারভোগী পরিবার নির্বাচনের ক্ষেত্রে শিশুর সুরক্ষা, অধিকার ও প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিয়ে অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণ করা হবে। প্রকল্পের সহায়তা যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়।