কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলা ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানসহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
এ সময় বক্তারা সারাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলা ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ড বন্ধের দাবি জানান। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মিছিলটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।