রাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যু
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলায় জরাজীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে রাফি (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল থেকে দুপুরে করল্যাছড়ি বাজারের প্রধান ব্রিজ পার হচ্ছিল শিশু রাফি। এ সময় সেতুর পাশে দীর্ঘদিন ধরে ভেঙে থাকা রেলিং দিয়ে সে অসাবধানতাবশত খালে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত রাফি একই ইউনিয়নের আদর্শ পাড়া এলাকার মোঃ নাছির উদ্দীনের ছেলে।
এদিকে দুর্ঘটনার পর চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, করল্যাছড়ি বাজারে যাতায়াতের প্রধান ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুটির গাইডওয়াল দীর্ঘদিন ধরে ভাঙা ও মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। একাধিকবার তাগিদ দেওয়ার পরও প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে সেতুটি সংস্কার ও সুরক্ষা রেলিং নির্মাণ না করা হলে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানির ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।