বরকলে পানি সংকট নিরসনে সরকারের সুনজর প্রয়োজন
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
সারা দেশের ন্যায় রাঙ্গামাটি বরকলে উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এ সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর কর্মকর্তা অনুকা খীসা।
ভূষণছড়া ইউপি চেয়ারম্যান মোঃ মামুনূর রশীদ মামুন বলেন,বরকল উপজেলায় পানির সমস্যা কতটা কষ্টের তা বলে দেখানো যায় না। এলাকার পানির সমস্যা চিহ্নিত করে এবং জনসাধারণের চাহিদা অনুযায়ী দীর্ঘ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পানি সংকট কমে আসবে বলে তিনি মনে করেন।
প্রেসক্লাব সভাপতি শান্তি ময় চাকমা বলেন,বন বাঁচলে পানি বাঁচে। কিন্তু প্রতি বছর জুম কেটে পাহাড় ন্যাড়া করা হচ্ছে। যার কারণে পাহাড়ের ছড়া,ঝিরি শুকিয়ে যাচ্ছে। আর কর্ণফুলী নদীর পানিও লঞ্চ স্টিমারের বর্জ্য পদার্থগুলো পানির সাথে মিশিয়ে যাওয়ায় দূষিত হচ্ছে। আর খাওয়ার অনুপযোগী হচ্ছে। সেজন্য সকল জনসাধারণকে সচেতন হওয়া দরকার। আর পানি সংকট নিরসনে সরকারের সুনজরের প্রয়োজন রয়েছে।
চেয়ারম্যান বিধান চাকমা বলেন,পানির অপর নাম জীবন। পানি ছাড়া প্রাণীর জীবন অচল।
পাহাড়ের পানি সমস্যা সীমাহীন। পানির ব্যবহার সহজলভ্য করার জন্য সরকারি প্রকল্পের মাধ্যমে ছড়া বা ঝিরি থেকে জিপিএস লাইন ব্যবহার করে পানি সরবরাহের ব্যবস্থা করে দেয়া হয়েছে। পানি সংকট নিরসনের জন্য সর্বদা চেষ্টা করা হচ্ছে। বনায়ন ধ্বংসের কারণে পানির উৎস কমে যাচ্ছে।এজন্য সবার সর্বক্ষেত্রে সচেতন হওয়া উচিত।
সভাপতি জুয়েল রানা বলেন,পরিকল্পনা অনুযায়ী কাজ করা না হলেও কিছু ক্ষেত্রে প্রকল্পের মাধ্যমে ট্রিটমেন্ট প্লান্ট করে বিশুদ্ধ পানির সুব্যবস্থা করা হয়েছে। গত অর্থ বছরে বাজেটের উপর নির্ভর করে ৮ টি প্রকল্প ১০ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির প্রকল্প বাস্তবায়ন করা হয়। তবে ভবিষ্যতে প্রত্যেক ওয়ার্ডে সুষম বণ্টন করে কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হবে।
এসময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও গণ্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।