কাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্ত
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
ধারণ কক্ষমতার বাইরে ট্রাকে বাঁশ পরিবহন করতে গিয়ে বৈদ্যুতিক তারে লেগে কাপ্তাই উপজেলার শিলছড়ি এলাকায় ১১ কেভি বিদ্যুৎ লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। বন বিভাগের সংশ্লিষ্টরা দেখার পরেও এসব ট্রাক কিভাবে যাতায়াত করছে তাও প্রশ্ন উঠেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোন দূর্ঘটনা হয় নাই বলে স্থানীয়রা জানিয়েছে। সোমবার (৭সেপ্টেম্বর)
কাপ্তাইয়ে সড়কের ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ছিঁড়ে যায়। এর ফলে শিলছড়ি, বালুরচর ও প্রশান্তি পার্ক সংলগ্নসহ বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ হয়ে যায়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার জানান, ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। চালক ইব্রাহিমের দাবি, সড়কের ওপর তারটি অস্বাভাবিকভাবে নিচু ছিল, যা ট্রাকের বাঁশের সঙ্গে আটকে যায় এবং টান লেগে ছিঁড়ে পড়ে। তাঁর মতে সড়কের ওপর এভাবে নিচু তার থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। স্থানীয়রা জানিয়েছেন, এত উঁচু করে বাঁশবোঝাই ট্রাক যাতায়াত করলেও বন বিভাগ কোন ব্যবস্থা নেয় না। এসময় সাধারণ মানুষ থাকলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতো বলে উল্লখ করেন প্রত্যক্ষদর্শীরাও।
বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, ট্রাকের বাঁশের সাথে লেগে ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে, মেরামতের কাজ দ্রুত শুরু করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রচেষ্টা চলছে। এদিকে ঘটনাস্থলে থাকা কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম অতিরিক্ত উচ্চতায় বাঁশ লোড করে পরিবহন করতে গিয়ে এ ঘটনা ঘটেছে। চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান দরকার। একই সাথে বিদ্যুতের তার নিরাপদ উচ্চতায় রাখারও তিনি আহ্বান জানান।
ট্রাক মালিক সমিতি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও সরঞ্জাম মেরামতের ব্যয় বহনের আশ্বাস দিয়েছে। এদিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট চরম ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ বিভাগ দ্রুত মেরামত শেষ করে সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করে।