রাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তি
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ রাঙ্গামাটিতে অনুষ্ঠিত হয়। সোমবার (১৬নভেম্বর) এ প্রতিযোগিতা রাঙ্গামাটির কাপ্তাই লেকের মগবান টিলা এলাকা থেকে সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় বিএফডিসি ঘাঁট এলাকায় এসে শেষ হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এর সভাপতিত্বে প্রতিযোগীতায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, এমপি। এছাড়াও, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপু তালুকদার, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙ্গামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহমেদ দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা ৩য় স্থান অর্জন করে জুয়েল আহমেদ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এছাড়া নারী সাতাঁরে ১ম স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মুক্তি খাতুন এবং দ্বিতীয় স্থান অর্জন করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্য সোনিয়া আক্তার ও ৩য় স্থান অর্জন করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পলি খাতুন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রাঙ্গামাটিস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার বিতরণ করেন। এছাড়াও, সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এ ধারাবাহিকতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা মেধাবী, সম্ভাবনাময় ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিভাবান সাঁতারুদের বিকাশের পাশাপাশি জাতীয় সাঁতার অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।
একই সঙ্গে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পথ সুগম হবে। বাংলাদেশ নৌবাহিনীর এ উদ্যোগের মূল লক্ষ্য হলো প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিশ্বমানের সাঁতারু হিসেবে গড়ে তোলা, যারা ভবিষ্যতে অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকাকে সমুন্নত রাখবে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের প্রতিভা অন্বেষণ ও বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।