কাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরু
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে বিনামূল্যে জলাতঙ্কের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সকল ইউপি চেয়ারম্যানদের সহযোগিতায় টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়। রবিবার (১৫নভেম্বর) উপজেলা প্রশাসন ও প্রানী সম্পদ দপ্তরের আয়োজনে এ টিকা কার্যক্রম পরিচালিত হয়।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: মোঃ এনামুল হক হাজারী, ভেটেরিনারি সার্জন ডা. মোঃ রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড: মোঃ এনামুল হক হাজারী জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ। আক্রান্ত কুকুর, বিড়াল সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে এ রোগ মানুষের শরীরে ছড়াতে পারে। সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে রোগটি মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই কুকুরের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রাণীর পাশাপাশি মানুষের স্বাস্থ্যঝুঁকিও কমানো সম্ভব হবে।
উল্লেখ্য সম্প্রতি কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে বেশ কয়েকজন আক্রান্ত হলে এই ব্যবস্থা নেয়া হয়।