বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, পুলিশ, আনসার, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬অক্টোবর) তারিখ ১১.৩০ ঘটিকায় বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইন-শৃঙ্খলা বজায় রাখা, জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তা এবং স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আইসি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি,স্থানীয় জনপ্রতিনিধি, কারবারি, পুলিশ, আনসার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সভায় উপস্থিত নিম্নোক্ত ব্যক্তিবর্গ এলাকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখা, আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
জোন কমান্ডার বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও পর্যটন মৌসুমকে সামনে রেখে এলাকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে। স্থানীয় জনগণ ও সাজেকে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে সমন্বিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান করেন। এ বিষয়ে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা এবং এ ধরনের নিরাপত্তা সমন্বয় সভা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা ব্যাক্ত করেন।