॥ ইব্রহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় লাইট মেশিনগান, বিদেশি গুলি ও বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়েছে। এ সময় বিজিবির ধাওয়া খেয়ে ৩-৪ জন চোরাকারবারি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মারাত্মক পাহাড় টিএনটি মোড় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি ব্র্যান্ডের সিগারেটের একটি বড় চালান আটকের জন্য মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি-এর নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস ও একটি বি-টাইপ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।
রাত ১০টার দিকে ৩-৪ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলযোগে টিএনটি মোড়ের কাছাকাছি এলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারিরা দুটি প্লাস্টিকের বস্তা ও একটি ছোট ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় লাইট মেশিনগান, বিদেশি গুলি এবং বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করে। উদ্ধার করা এসব মালামালের মোট সিজার মূল্য ৪ লাখ ৪০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানের চেষ্টা করছে। এ কারণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল জোরদার করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।