বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২৭ বিজিবি মারিশ্যা জোন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’-এর প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন মারিশ্যা জোনের জোন কমান্ডার ও বিদ্যালয়ের সভাপতি লেফট্যানেন্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, ৩৭ আনসার ব্যাটালিয়নের উপ-পরিচালক হাছান আলী, বিজিবির সহকারী পরিচালক এডি হাফিজুর রহমান, কাচালং সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার এবং কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আহম্মেদ সাজু।
মোড়ক উন্মোচন শেষে জোন কমান্ডারসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের হাতে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার কপি তুলে দেন। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ ও মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।