॥ নিরত বরন চাকমা ॥
মাদক ও জুয়া মানবসভ্যতার এক সর্বনাশা অভিশাপ,যা তিলে তিলে একটি সুস্থ সমাজ ও সম্ভাবনাময় প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। সাম্প্রতিক সময়ে পার্বত্য জনপদের সুন্দর উপজেলা বরকলে মাদক ও জুয়ার বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এলাকার যুবসমাজ আজ এই ধ্বংসাত্মক নেশার কবলে পড়ে পথ হারাতে বসেছে। এখনই যদি এর বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলা না হয়,তবে বরকলের ভবিষ্যৎ এক গভীর সংকটের মুখে পড়বে।
মাদক সেবনকারী কেবল একজন ব্যক্তি হিসেবে ক্ষতিগ্রস্ত হন না; মাদকাসক্তি তার জীবনকে চিরতরে অন্ধকারের দিকে ঠেলে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি কেবল আর্থিক,শারীরিক ও মানসিকভাবেই ক্ষতিগ্রস্ত হন না,বরং এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে তার পুরো পরিবার ও সমাজের ওপর। অন্যদিকে,জুয়ার নেশা মানুষের বিচারবুদ্ধি ও মনুষ্যত্ব লোপ করে দেয়। মুহূর্তের উত্তেজনায় নিঃস্ব হয়ে যায় একেকটি হাসিখুশি পরিবার। বর্তমান সময়ে বরকলের বিভিন্ন এলাকায় যেভাবে মাদক ও জুয়ার বিস্তার ঘটছে, তাতে সচেতন মহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।
যেকোনো অঞ্চলের মূল চালিকাশক্তি হলো তার যুবসমাজ। কিন্তু বরকলের তরুণ প্রজন্মের একটি অংশ আজ এই অপসংস্কৃতির ফাঁদে আটকা পড়ছে। এর ফলে সমাজে বাড়ছে অপরাধপ্রবণতা,পারিবারিক অশান্তি,হতাশা এবং চরম নৈতিক অবক্ষয়। যে বয়সে যুবকদের বইখাতা ও কলম হাতে নিয়ে নিজেদের ভবিষ্যৎ এবং এলাকার উন্নয়নের কথা ভাবার কথা, সে বয়সে তারা আজ ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একক প্রচেষ্টায় মাদক ও জুয়া পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, যদি না সাধারণ মানুষ এর বিরুদ্ধে সোচ্চার হয়। বরকলের প্রতিটি সচেতন নাগরিক, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও যুবসমাজকে আজ ঐক্যবদ্ধ হতে হবে।
সমাজ বিরোধী এসব কাজ প্রতিরোধে প্রয়োজন সন্তানদের চলাফেরা ও বন্ধু মহলের প্রতি অভিভাবকদের আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে। মাদক কারবারি ও জুয়াড়িদের সামাজিকভাবে বয়কট করতে হবে,যাতে তারা কোনোভাবেই প্রশ্রয় না পায়। মাদক ও জুয়ার আড্ডা বা কারবারের খবর পেলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। যুবসমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার জন্য স্থানীয়ভাবে উদ্যোগ নিতে হবে।
সর্বোপরি, মাদক ও জুয়া আমাদের সুন্দর সমাজটাকে গ্রাস করার আগেই বরকলবাসীকে এক হয়ে রুখে দাঁড়াতে হবে। আমাদের সামান্য সচেতনতাই বাঁচাতে পারে একটি তাজা প্রাণ, একটি সম্ভাবনাময় পরিবার। আসুন,দলমত নির্বিশেষে সকলে মিলে বরকলকে মাদক ও জুয়ামুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলি।