রাঙ্গামাটির নানিয়ারচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ উৎসব
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
সারাদেশের মতো রাঙ্গামাটির নানিয়ারচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই বিতরণ উৎসব করা হয়েছে। এসময় বিনামূল্যে বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করেন। সোমবার (১জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্রেণী কক্ষে বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিমুল এহসান খান এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা। এতে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা ইন্সট্রাক্টর সরোয়ার কামাল, উপজেলা সহকারী শিক্ষা অফিসার তাপসী চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত, নানিয়ারচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকুল খীসা।
এসময় বক্তারা বছরের প্রথমদিনে সারাদেশে একযোগে বই বিতরণ এবং যথাসময়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। একই সাথে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে তাদের সন্তানের প্রতি নজরদারি রাখতে বলেন। বর্তমান সময়ে বেশিরভাগ ছাত্র-ছাত্রীরা স্মার্ট ফোনে আসক্ত হচ্ছে। যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় অমনোযোগী হয়ে যাচ্ছে। এই বিষয়ে প্রত্যেক অভিভাবকদের লক্ষ্য রাখার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ করা হয়েছে।