লংগদুতে বিজিবি ক্যাম্প পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার কর্তৃক রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) ও অধীনস্থ বিজিবি ক্যাম্পসমূহ পরিদর্শন এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফ ডব্লিউসি, পিএসসি কর্তৃক রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরসহ দায়িত্বপূর্ণ শিশকমুখ ও গুলশাখালী বিজিবি ক্যাম্প এবং শিশকমুখ পরিত্যাক্ত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন।
এসময় রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এলাকার ১২টি অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তা, সোলার প্যানেল সরঞ্জামাদি, সেলাই মেশিনে এবং ঢেউটিনসহ নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
এ মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পরিদর্শনকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)”র জোন অধিনায়ক, লে. কর্ণেল শাহনেওয়াজ তাসকিন পিএসসি, ৩৪ বীরের জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ খালিদ মাহরুস পিএসসি, এবং জিএসও-২ (ইন্ট), রাঙ্গামাটি রিজিয়ন উপস্থিত ছিলেন।