কর্ণফুলি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে রাঙ্গামাটির কাপ্তাইস্থ কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়ার জিহাদের নেতৃত্বে কলেজের ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীরা এ মিছিল বের করেন।
মিছিলটি কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক ও বড়ইছড়ি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল তঞ্চঙ্গ্যার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ফাহিম শাহরিয়ার জিহাদ।
সমাবেশে বক্তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড, দলটির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান এবং অতীতের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে ছাত্রদলের অবস্থান তুলে ধরেন তাঁরা।