॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি সদর উপজেলার খাগড়াপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি পিকআপে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জনৈক মাস্টারের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীরা জনিয়েছে।
স্থানীয় সূত্র জানায়, খাগড়াপুরের মাস্টারের দোকানের সামনে নিয়মিত চারটি পিকআপ রাখা হয়। এসব গাড়ি সাজেক সড়কে পর্যটক পরিবহনে ব্যবহৃত হয়। ঘটনার রাতেও গাড়িগুলো সেখানে পার্কিং করা ছিল। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা চারটির মধ্যে দুটি পিকআপে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুনে পিকআপ দুটির ভেতরের আসনসহ বিভিন্ন অংশ পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে গাড়ি দুটির আসনসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
গাড়ির চালক রিটেন ত্রিপুরা জানান, বাড়ির পাশেই গাড়িগুলো পার্কিং করা ছিল। নিয়মিত সেখানে চারটি পিকআপ রাখা হয়। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। এরই মধ্যে দুটি গাড়ির বিভিন্ন অংশ পুড়ে গেছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, আগুন লাগার খবর পাওয়ার পরপরই একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বলেন, প্রাথমিকভাবে নাশকতার উদ্দেশ্যে পিকআপ দুটিতে আগুন দেওয়ার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়।