মাটিরাঙ্গায় প্রীতি ফুটবলের উদ্বোধনী ম্যাচে ২-০ গোলে মাটিরাঙ্গা স্পোর্টসের জয়
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে মাটিরাঙ্গা মিনি স্টেডিয়ামে একাডেমির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মাটিরাঙ্গা পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা।
একাডেমির পরিচালক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম পাটোয়ারী, খাগড়াছড়ি ফুটবল একাডেমির সভাপতি তুহিন কুমার দে, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল এবং মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাব্বি। এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধক নারায়ণ ত্রিপুরা বলেন, ক্রীড়ার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি মোঃ শাহজালাল কাজল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘এই একাডেমির মাধ্যমে মাটিরাঙ্গার তরুণদের খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সচেতন মহল ও তরুণ খেলোয়াড়দের মতে, এ উদ্যোগ পাহাড়ি অঞ্চলের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করবে এবং তৃণমূল থেকে নতুন প্রতিভা অন্বেষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উদ্বোধন উপলক্ষে নোয়াখালী খোকন ফুটবল একাডেমি ও মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমির মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি ২-০ গোলে জয়লাভ করে।