॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক মোবাইল টিম, গোয়েন্দা নজরদারি ও আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টা থেকে পানছড়ি উপজেলার ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেন ৩ বিজিবির অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ রবিউল ইসলাম। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে আর্থিক সহায়তা প্রদান করেন এবং পূজার নিরাপত্তায় বিজিবি সহযোগিতার আশ্বাস দেন।
তিনি জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিজিবি সার্বক্ষণিক সতর্ক থাকবে। পূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে মোবাইল টিম ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
এ ছাড়া এলাকার । শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।