॥ ইলিয়াস মাহমুদ, খাগড়াছড়ি ॥
পার্বত্য অঞ্চল থেকে নারী ও তরুনী পাচার ভয়াবহ অবস্থা বলে উদ্বেগ জানিয়েছে স্থানীয় গবেষনা সংস্থাগুলো। বিয়ে, চাকরি এবং উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী ও কন্যাশিশুদের চীনসহ বিদেশে পাচারের প্রবণতা চরমভাবে বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে তিন পার্বত্য জেলায় মানব পাচারের অন্তত ৭৩০টির বেশি ঘটনা শনাক্ত হয়েছে। গবেষকদের মতে, সামাজিক কলঙ্ক, ভয় এবং মানব প্রাচার প্রতিরোধের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কঠোর অবস্থান না থাকার কারণে পাচারকারীর দলগুলো তাদের কাজ চালিয়ে যাচ্ছে। যে তথ্যগুলো এখানে উঠে এসেছে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করেছেন গবেষকরা।
পার্বত্য চট্টগ্রামে মানব পাচার প্রতিরোধে আর্থ-সামাজিক চালিকাশক্তি ও নীতিগত ঘাটতি’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, গত পাঁচ বছরে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙ্গামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টির বেশি মানব পাচারের ঘটনা নথিভুক্ত হয়েছে। পাচারকারীরা মূলত প্রতারণামূলকভাবে বিয়ে, বিদেশে চাকরি ও উন্নত জীবনযাপনের প্রলোভন দেখিয়ে নারী ও তরুণীদের এ ফাঁদে ফেলে তাদেও পাচার করা হচ্ছে। গবেষণায় উল্লেখ করা হয়, পাচারকারী চক্র আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া জন্মনিবন্ধন, বয়স, নাম এবং অভিভাবকের তথ্য পরিবর্তনের মতো অনিয়মও পাচার প্রক্রিয়াকে সহজ করছে। পরিবারকে আগে সচেতন হতে হবে।
এদিকে গত সোমবার (২৩নভেম্বর) খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মানব পাচার বিষয়ক অ্যাডভোকেসি ও মিডিয়া ক্যাম্পেইনে উপস্থাপিত এক গবেষণাপত্রে এসব তথ্য তুলে ধরা হয়। এতে উপস্থিত বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ জনপ্রতিনিধি এবং গনমাধ্যমকর্মীরাও বিষয়টি চরম উদ্বেগ প্রকাশ করেছেন।
গবেষকদের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়েছে, দারিদ্র্য, বেকারত্ব, ভূমি সংকট, শিক্ষা ও কর্মসংস্থানের সীমিত সুযোগ, লিঙ্গবৈষম্য এবং প্রাতিষ্ঠানিক সুরক্ষার দুর্বলতা পার্বত্য অঞ্চলের নারী ও কিশোরীদের পাচারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিদেশে উন্নত জীবনের আশ্বাসে প্রলুব্ধ হলেও অনেক ভুক্তভোগী সেখানে গৃহস্থালি শ্রমে বাধ্য হওয়া, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হওয়া এবং ব্যক্তিস্বাধীনতা হারানোর মতো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা বলেন, বিদেশে অবস্থানরত অনেক নারী প্রতারণা ও বৈষম্যের শিকার হচ্ছেন। মানব পাচার প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা দায়েরের পর অনেক ক্ষেত্রে বাদীপক্ষ আপস-মীমাংসায় চলে যাওয়ায় অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাওয়ার সুযোগ পায়। পাচার এর শিকার নারীদের অভিজ্ঞতা নিয়ে আরও গবেষণা পরিচালনা এবং জড়িতদের বিচারের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুষ্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত সংকট বা আবেগঘন বিষয় প্রকাশ করা অনেক তরুণীকেও পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। তাই ডিজিটাল নিরাপত্তা ও সচেতনতা বাড়ানো জরুরি।
গবেষণাটি খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় গুণগত ও অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়। এতে ৩৪ জন প্রাথমিক উত্তরদাতা, পাঁচজন গুরুত্বপূর্ণ তথ্যদাতা, তিনটি ফোকাস গ্রুপ আলোচনা (এফজিডি), ১০টি কেস স্টাডি, ১৫ জন অংশগ্রহণকারীর যাচাই কর্মশালা এবং ২০-৩০টি প্রাসঙ্গিক নথি পর্যালোচনা করা হয়েছে। গবেষণায় মানব পাচার প্রতিরোধে জনগোষ্ঠীভিত্তিক সচেতনতা কর্মসূচি জোরদার, নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন, বিদেশি নাগরিকের সঙ্গে বিবাহ নিবন্ধনে কঠোর যাচাই, ভুক্তভোগীদের আইনি ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তদেশীয় সহযোগিতা বৃদ্ধি এবং নির্ভরযোগ্য তথ্যভান্ডার গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা মানব পাচার প্রতিরোধে সামাজিক অংশগ্রহণ, স্থানীয় নেতৃত্ব এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। সিএসও-সিবিও নেটওয়ার্কের আয়োজনে এবং তৃণমূল উন্নয়ন সংস্থার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পেইনে স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা এবং কারবারি অঞ্জলি ত্রিপুরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান। গবেষণার ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার স্মৃতি রঞ্জন ধামাই।
অংশগ্রহনকারী বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা নারী ও তরুনীদের পাচার বিষয়ে সবচেয়ে ভুমিকা রয়েছে আগে পরিবারের মানুষগুলোকে সচেতন হতে হবে। যে বা যারাই বিদেশে চাকরী বা বিয়ের প্রস্তাব বা শ্রমের বিষয়ে বিদেশে নেওয়ার কথা বললে আগে তাদের বিষয়ে সরকারি সংস্থাগুলোর মাধ্যমে সঠিক তথ্য নিতে হবে। অভাব বা আয়, অথবা চাকুরীর সুযোগ নিতে হলে সবচেয়ে প্রথম যে কাজটি দরকার সেটি হলো স্থানীয় প্রশাসনের সাহার্য্য নেওয়া এবং যারা বিদেশে নেওয়ার প্রস্তাব দিচ্ছে তাদের বিষয়ে প্রশাসনকে জানানো। এতে করে বিপদ ঘটে যাওয়ার আগে সব বিষয়গুলো পরিবার জানতে পারবে।