প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা বাড়াতে হবে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহসভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি মজুমদার, কাপ্তাই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ, কাপ্তাই ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম এবং রূপসী কাপ্তাইয়ের সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উপজেলা তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা, আগাম প্রস্তুতি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। অন্যদিকে, মানুষের অসচেতনতা ও দায়িত্বহীনতার কারণে সৃষ্ট বিভিন্ন দুর্যোগ প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো জরুরি।