সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রোধে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান: বিজিবি জোন কমান্ডার
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব। বাঘাইছড়িতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে এক মতবিনিময় ও আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বিজিবি’র জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি এসব কথা বলেন।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় মারিশ্যা জোনের হলরুমে জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, এডি-র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা কৃষি অফিসার, ১৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক, বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিনিধি, বাঘাইছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আনসার-ভিডিপি কর্মকর্তা, মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অপস্ অফিসার মেজর অমিত কুমার সাহা (এএমসি), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জোন কমান্ডার বলেন, এই অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সমন্বিত পরিকল্পনা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীলতার মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন যে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
জোন কমান্ডার জানান, পূজা চলাকালীন যে কোনো ধরনের সহিংসতা, নাশকতা, গুজব বা বিশৃঙ্খলা প্রতিরোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ে কাজ করা হবে। তথ্য আদান-প্রদান, তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং যৌথ টহল কার্যক্রম জোরদার করার মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঘাইছড়ি উপজেলায় একটি আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে সামাজিক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রোধে সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়।