সাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবা
॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট জোনের আওতাধীন করেঙ্গাতলী আর্মি ক্যাম্পের উদ্যোগে জারুলছড়ি এলাকার স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
রবিবার (১১অক্টোবর) সকাল ৭.৩০ ঘটিকা হতে এই চিকিৎসা সেবা শুরু হয়। করেঙ্গাতলী ক্যাম্প কমান্ডার মেজর নাহিদ বিন হাফিজের উপস্থিতিতে বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদান করেন। রবিবার ৯০ জন পাহাড়ি ও বাঙালি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে বলে সেনা সুত্র জানিয়েছে।
সাজেকে সড়ক অবরোধে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। দুর্গম এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।