লংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা এবং স্থানীয় সার্বিক উন্নয়ন নিশ্চিতকল্পে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) দুপুরে লংগদু জোনের অর্ডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় লংগদু জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি উপস্থিত সুশীল সমাজ, প্রশাসনিক প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে পার্বত্য অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগী ভূমিকার সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
সম্মেলনে বিদায়ী জোন কমান্ডার নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি-কে উপস্থিত সকলের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন।
এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে বিদায়ী জোন কমান্ডার অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক ধারা অক্ষুণ্ন রাখা, সন্ত্রাসীদের অপতৎপরতা ও বিচরণ রোধ করা এবং এলাকার শান্তি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, নবাগত জোন কমান্ডারের নেতৃত্বে লংগদু জোনের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ধারা অব্যাহত থাকবে।
সমন্বয় সভায় জোনের সার্বিক পরিস্থিতি নিয়ে উন্মুক্ত মতবিনিময় করা হয়। এতে লংগদু জোনের দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে সকলের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। একই সাথে যেকোনো প্রয়োজনে লংগদু জোনের সাথে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানানো হয়।
উক্ত সমন্বয় সভায় জেলা পরিষদ চেয়ারম্যান, নবাগত জোন কমান্ডার, লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, অধিনায়ক ৩৪ বীর, জেডএসও লংগদু জোন, লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান, অফিসার ইনচার্জ (ওসি) লংগদু থানা, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।