সরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ান
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশের ধর্ম, বর্ণ, গোত্র ও শ্রেণিসহ সব পেশার মানুষ সমান উন্নয়ন ও সমান অধিকার ভোগ করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী নিজেই কাজ করছেন। দুর্গম পার্বত্য জেলার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোমধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এবং প্রয়োজন অনুযায়ী আরও আর্থিক অনুদান প্রদান করা হবে।
মঙ্গলবার (২১জুলাই) সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে রাজস্থলী উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান, এমপি এসব কথা বলে।
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন, রফিক আহম্মদ উপদেষ্টা জেলা বিএনপির, আলী বাবর সিনিয়র যুগ্ন সম্পাদক জেলা বিএনপি, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া সহ অংগসংগঠনের তৃণমূল নেতৃবৃন্দ।
দীপেন দেওয়ান, এমপি আরো বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনের কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার। সরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং তাদের পাশে থাকা। এজন্য পুনর্বাসনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনঃনির্শাণ এবং কৃষিখাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার প্রয়োজসীয় পদক্ষেপ নেবে সরকার। তিনি বলেন, আমি প্রতিদিন বিভিন্ন এলাকায় যাচ্ছি। তাদের সমস্যার কথাগুলো শুনছি ও ত্রাণ বিতরণ করছি। ক্ষতিগ্রস্ত কোনো পরিবার সরকারি সহায়তা থেকে বাদ যাবে না।
মানুষের কল্যাণে সরকার কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ অব্যাহত রেখেছে। ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিয়ে সঠিক তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সেনাবাহিনী, বিজিবি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সকলকে ধন্যবাদ জানান।
ত্রাণ বিতরণ শেষে দীপেন দেওয়ান রাজস্থলী উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউছুপ হাসান তার বক্তব্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা পদ শুন্য ও প্রাসংগিক অবকাঠামো উন্নয়ন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সার্বিক সহযোগিতার কামনা করেন। পরে এমপি সকলের কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি বিভিন্ন সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।