॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ জন নারীর মাঝে শাড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২০অক্টোবর) সকালে উপজেলা সম্মেলন কক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া শাড়ি উপহার হিসেবে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীমের সভাপতিত্বে শাড়ি প্রদান করা হয়। খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এমপি কর্তৃক রামগড় উপজেলার জন্য ৫০ পিস শাড়ি বরাদ্দ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান, দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের উৎসবের আনন্দে পাশে দাঁড়ানো, এবং এ ধরনের সহায়তা পূজার আনন্দ ভাগাভাগি ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ।
এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মোঃ বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ গন্যমান্য, রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকবৃন্দ।