॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) এর আওতায় খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৫ মে) দীঘিনালা উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক-কৃষাণিরা অংশগ্রহণ করেন। এসময় তারা ফিল্ড স্কুলের মাধ্যমে প্রাপ্ত প্রশিক্ষণের অভিজ্ঞতা বিনিময় করেন এবং জানান, আধুনিক কৃষি পদ্ধতি, কীটনাশক ব্যবহারে সচেতনতা ও উৎপাদন বৃদ্ধির কৌশল শিখে তারা বাস্তব জীবনে উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন।
উপসহকারী কৃষি অফিসার মোঃ শামীমমুল-আবরার এর সঞ্চালনায় দীঘিনালা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক ওঙ্কার বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমা এবং উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
পার্টনার ফিল্ডস্কুল কংগ্রেস প্রশিক্ষণপ্রাপ্ত কৃষক নুর মোহাম্মদ বলেন, ফিল্ড স্কুল থেকে আমরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে জেনেছি, যা আমাদের উৎপাদন বাড়াতে সাহায্য করছে। আরেক কৃষক আবুল কালাম বলেন, আগে আমরা অনেক কিছু না জেনে চাষাবাদ করতাম। এখন প্রশিক্ষণের মাধ্যমে সঠিক পদ্ধতি অনুসরণ করে ভালো ফলন পাচ্ছি। কৃষাণি প্রীতিলতা চাকমা বলেন, এই প্রশিক্ষণ আমাদের প্রাকৃতিক বালাই নাশক দিয়ে কিভাবে কৃষির উৎপাদন বাড়ানো যায় তা জেনে অনেক উপকার হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম বলেন, সরকার কৃষকদের উন্নয়ন কাজ করছে, যেহেতু আমাদের দেশ কৃষি নির্ভর সেহেতু কৃষির উন্নয়নে সকলে একসাথে কাজ করতে হবে। স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন জানান, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের সংগঠিত করে টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিশ্চিতকরণ এবং উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে কাজ করা হচ্ছে।
প্রধান অতিথি তার বক্তব্যে মোঃ নাছির উদ্দীন চৌধুরী বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের সংগঠিত করে কীটনাশকমুক্ত কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সমবায় পদ্ধতির মাধ্যমে তাদের স্বাবলম্বী করার জন্য আমরা কাজ করছি। দিনব্যাপী এ কংগ্রেসে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় এবং কৃষি উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।