॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা তাহজিংডংয়ের (পরিবেশ ও আর্থসামাজিক উন্নয়ন সংস্থা) বাস্তবায়িত প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় ‘অ্যাকসেস টু অ্যান্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিজ ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পটি বান্দরবান পার্বত্য জেলার রোয়াংছড়িসহ বিভিন্ন উপজেলায় বাস্তবায়ন করে আসছে তাহজিংডং। প্রকল্পটির মাঠপর্যায়ের কার্যক্রম আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম, অর্জন ও অভিজ্ঞতা তুলে ধরতে এ সমাপনী সভার আয়োজন করা হয়।
প্রকল্প সমন্বয়ক পিন্টু মারমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাপন সরকার, ৩ নম্বর আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুপ্রুচিং এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুয়ইচিং মারমা। এসময় প্রকল্পের আওতাভুক্ত এসএএম ও এমএএম শিশুদের অভিভাবক, জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এখিং মারমা বলেন, শিশুদের সুস্থ ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে বয়স অনুযায়ী নিয়মিত ও সুষম খাবার দিতে হবে। শিশুর পুষ্টির চাহিদা পূরণে অভিভাবকদের সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি।
সভায় অংশগ্রহণকারীরা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। তাঁদের অভিজ্ঞতা ভবিষ্যতে এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বান্দরবান পার্বত্য জেলার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের তীব্র ও মাঝারি অপুষ্টিজনিত সমস্যা মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সভায় আলোচনা হয়।