ফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের হলরুম কিন্নরীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার তথ্য সংগ্রহের এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে কোর্স কো-অর্ডিনেটর হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্যের প্রতিনিধি দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, রাজস্থলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা লিসা চাকমা এবং কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন।
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার মোট ৩০ জন সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারী অংশ নিচ্ছেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তাঁদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।