পার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপি
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২ টা কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের সংবর্ধনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, ফারুক খান শ্রম বিষয়ক সম্পাদক জিসাস কেন্দ্রীয় কমিটি সহ জেলা ও কাপ্তাই উপজেলা কমিটির সদস্য এবং বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সংবর্ধিত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। জাসাসের সভাপতি ও বাচিকশিল্পী নুর মোহাম্মদ বাবু অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ‘কাপ্তাই উপজেলা সব দিক থেকে এগিয়ে। প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামের শিক্ষার উন্নয়নের জন্য আন্তরিক। শিক্ষার্থীদের মেধা ও মননে এগিয়ে যেতে হবে। প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার কোনো বিকল্প নেই।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পরে এসডিআই গ্রাম পরিদর্শন, কাপ্তাই জেটিঘাট ট্রাক শ্রমিকদের সাথে মতবিনিময় এবং বিকালে শাহাজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা উদ্বোধন করে। অনুষ্ঠানে উপজেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।