॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও মৎস্যসম্পদের টেকসই উন্নয়নের লক্ষ্যে বান্দরবানের রোয়াংছড়িতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি, প্রাতিষ্ঠানিক ও মুক্ত জলাশয়ে এ পোনামাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির আওতায় মোট ২০০ কেজি পোনামাছ বিভিন্ন জলাশয়ে ছাড়া হয়।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমিন আলম তুলি, সহকারী কমিশনার (ভূমি) ফারহান ফাইয়াজ, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এহসানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন দেওয়ান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুকান্ত দেব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ ওমর ফারুক। এ ছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জলাশয়ে দেশীয় মাছের প্রাপ্যতা বৃদ্ধি, প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা এবং মৎস্যসম্পদের উৎপাদন বাড়াতে প্রতিবছর এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মাছের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিজ আমিষের জোগান ও পুষ্টি নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলেন, জলাশয়ে পোনামাছ অবমুক্ত করার পাশাপাশি মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করতে জাটকা ও পোনা নিধন বন্ধ, অবৈধ জাল ব্যবহার নিয়ন্ত্রণ এবং জলাশয় সংরক্ষণে সবাইকে আরও সচেতন হতে হবে।