॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
অনলাইন জুয়ায় আশক্ত ও সর্বশান্ত হয়ে অবশেষে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষনা দিয়েছে খাগড়াছড়ির রামগড় উপজেলার মোঃ সজিব (২৫)। কিন্তু তার এই ঘটনায় কারো হাসির খোরাক হলেও কারো আবার দাঁত গিজগিজ করার মতো হয়েছে। কেউ কেউ চাঁটগাইয়া ভাষায় বললো, জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনাও গোসলঅ গড়র। তোঁয়ার মত আর যারা আছে ইতারাত্তুনও গোসল গড়ন দরহার।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এই যুবক প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন। পরে ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
মোঃ সজিব নামের ওই যুবক রামগড় ইউনিয়ন লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। সে পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ভিডিওতে দেখা যায়, ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদের সামনে বসে সজিব নিজের গায়ে দুধ ঢালছেন। এ সময় তিনি বলেন, জুয়া খেলতে গিয়ে তাঁর সংসার ও আর্থিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তাই তিনি দুধ দিয়ে গোসল করে আজ থেকে সবধরণের জুয়া ছেড়ে দেওয়ার শপথ নিচ্ছেন। এ জুয়ার পিছনে প্রায় ১৫ লক্ষ টাকা খুইয়ে এখন তিনি নিঃশ্ব।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সজিব অনলাইন জুয়াসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন। এতে ধীরে ধীরে তাঁর সঞ্চয় ও সম্পদ নষ্ট হয়ে যায় এবং একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন। পরে নিজের ভুল বুঝতে পেরে আজ দুপুরে প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেন। কিন্তু তার এই ঘটনায় কারো হাসির খোরাক হলেও কারো আবার দাঁত গিজগিজ করার মতো হয়েছে। কেউ কেউ চাঁটগাইয়া ভাষায় বললো, জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনাও গোসলঅ গড়র। তোঁয়ার মত আর যারা আছে ইতারাত্তুনও গোসল গড়ন দরহার। এ ঘটনা এখন ‘স্মাইল অব দা লামকুপাড়া’।
রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি সব হারিয়েছে। ভুল বুঝতে পেরে ছেলেটি এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। এখন যদি সত্যিই ফিরে আসে, সেটাই তার ও পরিবার এবং এলাকার জন্য ভালো। আবদুল মান্নান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়, তিনি যেন ভালো পথে থাকেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম বলেন, জুয়া সম্পূর্ণ অবৈধ সেটা সরাসরি হোক বা অনলাইনে হোক এবং এ বিষয়ে নিয়মিত অভিযান চলছে। জনসচেতনা সৃষ্টির লক্ষে মাদক ও জুয়া বিরোধী প্রচার প্রচারণা চলমান রয়েছে পুলিশের।