॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৬০ হাজার পিস ইয়াবাসহ জসিন উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সাও জব্দ করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের শহীদ মিনারের পূর্ব পাশে রাসেল কম্পিউটার দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
থানা সুত্র জানায়, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস পুলিশ টিম বিশেষ অভিযান চালিয়ে জসিন উদ্দিনকে আটক করে। আটক ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীকাটা এলাকার মোহাম্মদ আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির কাছ থেকে ৬ কার্ড ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক পরিমাণ ৬০ হাজার পিস। এছাড়া ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সা জব্দ করা হয়। আটক জসিম উদ্দিন ও উদ্ধার করা ইয়াবা বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোজাম্মেল হক জানান, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ, পরিবহন ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার করার ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।