॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
ঢাকাস্থ বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল খাগড়াছড়ি জেলার রামগড় স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে পাঁচ সদস্যের প্রতিনিধিদল বন্দরের অবকাঠামো মৈত্রীসেতু ১ সর্বশেষ অবস্থা সরেজমিনে পরিদর্শন করেছেন।
পরিদর্শন দলের সদস্যরা হচ্ছেন, ঢাকাস্থ বিশ্বব্যাংক সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিষ্ট নুসরাত নাহিদ ববি, সিনিয়র সোশ্যাল ডেভলপমেন্ট স্পেশালিস্ট কির্তী নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মোঃ সাহেদ মাহাবুব চৌধুরী, সোস্যাল ডেভলপমেন্ট কন্সালটেন্ট ড. রাফেজা আক্তার, ট্রান্সপোর্ট কনসাল্টেন্ট (নেপালী নাগরিক) সুনীল কুমার পোদ্দাল।
এসময় সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন ও রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত রামগড় আন্তর্জাতিক পেসেঞ্জার টার্মিনালে পরিদর্শক দলকে স্বাগত জানান। এসময় রামগড় স্থলবন্দর ইনচার্জ ও ট্রাফিক পরিদর্শন সাইফুদ্দিন সায়েম ও রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন সুপারেন্টেন্ড আহমেদ মামুন উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলের সদস্যরা রামগড় স্থলবন্দরের নির্মিত অবকাঠামো সরেজমিনে ঘুরে দেখেন। এসময় তারা স্থলবন্দরের চার তলা পাসেঞ্জার টার্মিনাল, পোর্ট ভবন, চার তলার ডরমেটরি ভবন, আন্তর্জাতিক পাসেঞ্জার টার্মিনাল ভবন, এক্সেল কন্টোল কক্ষ, বাংলাদেশ-ভারত ট্রাক টার্মিনাল, মৈত্রীসেতু-১ ঘুরে দেখেন।
বন্দর সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মোঃ রুহুল আমিন জানান, প্রকল্পের কাজ শেষ হওয়ায় ঢাকাস্থ বিশ্বব্যাংক কার্যালয়ের ৫ সদস্যের প্রতিনিধি দল রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও প্রকল্পের ব্যাপারে অংশীজনের সাথে স্বাক্ষাৎ করতে আসেন।