রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেই
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ের বিশিষ্ট সমাজসেবক, পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য প্রকৌশলী রুবায়েত আখতার আহমেদ আর নেই। সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্য বরণ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি ডায়াবেটিস, কিডনি, হার্ট সহ নানা জটিল রোগে ভুগছিলেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় মরহুমের তিনদফা নামাজের জানাজা শেষে বাদ যোহর চট্টগ্রামের চাক্তাইয়ের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
তিনি কাপ্তাই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য, দূপ্রাক সহ সভাপতি, কাপ্তাই মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদিকা নুর বেগম মিতার স্বামী। মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সাবেক সচিব ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আলী ইমাম মজুমদার, রাঙ্গামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সদস্যবৃন্দ, জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ এবং কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীসহ বিভিন্ন সামাজিক,সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।