বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটক
॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।
১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার এলাকায় এ অভিযান চালায়।
আটকরা হলেন- নাইক্ষ্যংছড়ির তুমব্রু উত্তরপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৩), এফডিএমএন ক্যাম্প-৮-এর আব্দুল আমিন (৩০) এবং এফডিএমএন ক্যাম্প-১১-এর মোঃ সলিম (৩৩)।
বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল টিভি টাওয়ার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।এসময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জাল উদ্ধার করা হয়, পরে জাল পরিবহনের সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে সীমান্ত দিয়ে পণ্য আনা নেওয়া বন্ধে এধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে জানান।
বিজিবি আরো জানিয়েছে, আটক ব্যক্তিদের উদ্ধার করা বার্মিজ কারেন্ট জাল ও সিএনজিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়া রয়েছে।