সড়ক দূর্ঘটনায় কাপ্তাই-এ ইউপি সদস্যের ছেলে নিহত
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে ঢাকাগামী বাসের চাকায় পিষ্ট হয়ে একযুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাপ্তাই উপজেলার রাইখালীতে শোকের ছায়া মাতম চলছে। দূর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি গাড়ি আটক করেছে। বৃহস্পতিবার (৬আগষ্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে।
জানা গেছে, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় লাল-সবুজ পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মোঃ রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। নিহত রাসেল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছের মেম্বারের একমাত্র ছেলে। ঘটনার বিবরণ দিয়ে নিহতের চাচা আব্দুল বারেক জানান, শহর থেকে বাড়ি ফেরার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন রাসেল।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সেলিম বাপ্পা, আবুল কাসেম জানান, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি কাপ্তাই উপজেলার রাইখালী ফিরছিলেন রাসেল। পথিমধ্যে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাটাখালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী “লাল-সবুজ পরিবহন’ নামের একটি বাস প্রথমে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয় ও তার পিছনে থাকা রাসেলের মোটরসাইকেলটিকে পিষ্ট করে দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং তার ডান পা উরু থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর যাত্রী নিয়ে রাঙ্গুনিয়া আসা হাটহাজারী এলাকার সিএনজি চালক বাদশা এবং চন্দ্রঘোনা বুইজ্জার দোকান এলাকার নেছারুল সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির উদ্দিন জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরাও উদ্ধার অভিযান চালান। এই ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।