॥ নিজস্ব প্রতিবেদক ॥
শহরের আসামবস্তী এলাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করেও ছেলেকে মাদকমুক্ত করতে পারলো না বাবা-মা। মাদকমুক্ত করতে বেশ ক’বার ছেলেকে চিকিৎসা করানো হয় পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব)। কিন্তু বার বার ফিরে এসেও সেই আগের নিয়মেই চলছিল ছেলে। এ নিয়ে পারিবারিক কলহের কারনে অবশেষে শনিবার (২৫ জুলাই) দুপুরে বাকবিতন্ডার এক পর্যায়ে মা ছেলের ঘারে দা দিয়ে কোপ মারলে পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ মা-বাবা দুজনকে আটক করেছে বলে থানা সুত্র জানিয়েছে।
থানা সুত্র জানায়, নিহত যুবকের নাম সাকিবুল ইসলাম (২৩)। তার বাবা রফিকুল ইসলাম একজন অটোরিক্সা চালক। তাদের দুই সন্তানের মধ্যে সাকিবুল বড় ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, সাকিবুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। ছেলেকে মাদক থেকে দূরে রাখতে তার বাবা-মা একাধিকবার চিকিৎসা করান মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব)। এ ঘটনার কয়েক মাস আগেও তাকে রিহ্যাবে দিয়ে তাঁর বাবা প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয় করেন। তবে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পরও ছেলে সেই আগের মতোই মাদকে ঝুঁকে পড়ে। এ নিয়ে তাদেও বাড়িতে নিয়মিত বাকবিতন্ডা লেগেই থাকতো। শনিবারও মাদকাশক্ত ছেলে সাকিবুলের সঙ্গে তাঁর বাবা-মায়ের কথা-কাটাকাটি ও বাগবিতন্ডা হয়। এনিয়ে তাদের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হলে তাঁর মা ধারালো দা দিয়ে ছেলের ঘাড়ে কোপ দেয়। এতে সাকিবুলের ঘাড়ে গুরুতর জখম হয় এবং প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয় অটোরিক্সা চালক সাইফুল ইসলাম আহত সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সাকিবুলের ঘাড়ে গুরুতর জখম হয়েছে। তবে প্রচুর রক্ত ক্ষরণের কারনে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানান।
এবিষয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে কথোয়ালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। নিহত সাকিবুলের বাবা-মাকে আটক করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া ও মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে ওসি জানান।