প্রধানমন্ত্রী দুঃখী মানুষের পাশে সবসময় আছেন: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দেশের যেকোনো দুর্যোগে ও দেশের কল্যাণ সাধনে দুঃখী মানুষের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা পাওয়ার পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে মানুষের কল্যাণের জন্য সন্ধ্যায় চট্টগ্রাম শহরে পৌঁছে গভীর রাত পর্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে চট্টগ্রাম, হাটহাজারী ও রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী প্রদান করার সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি এসব কথা বলেন।
গতকাল (৮জুলাই) চট্টগ্রাম, হাটহাজারী এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী প্রদান শেষে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার বন্যা ও পাহাড়ধস প্রবণ এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করতে আসলে তিনি এসব কথা বলেন।
বুধবার রাতেই রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, এই সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, রাতের আঁধারের ভোটে নির্বাচিত সরকার নয়। প্রধানমন্ত্রীর সাথে সকালে বৈঠক করার পরই তাঁর সরাসরি দিকনির্দেশনা পেয়ে ত্রাণ সহায়তা নিয়ে প্রাকৃতিক বৈরী আবহাওয়ার শিকার অসহায় দুর্গত মানুষের মাঝে আমি ছুটে এসেছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে জেলা প্রশাসনকে আরও আর্থিক অনুদান দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলা পরিষদসহ সরকারের অন্যান্য সংস্থাগুলো অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রামে বাঙালি ও বিভিন্ন জাতিসত্তার মানুষসহ ১২টি জাতিগোষ্ঠীর মানুষ যেন সমঅধিকার ও সমউন্নয়ন লাভের অধিকারী হয়, সে লক্ষ্যে এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘রংধনু জাতি’ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে বর্তমান সরকার সচেষ্ট থাকবে।
বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটি পার্বত্য জেলার সদরে অবস্থিত লোকনাথ মন্দিরস্থ আশ্রয় কেন্দ্রে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেন। এছাড়া রাঙ্গামাটি কাউখালী উপজেলার ৩নং ঘাগড়া ইউনিয়নে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানে সহযোগিতা করায় রাঙ্গামাটি জেলা, উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে প্রতিমন্ত্রী চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩নং আজিমপুর ওয়ার্ড এলাকা, হাটহাজারী উপজেলার মেখলস্থ ইছাপুর এলাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলীস্থ খিল্লাপাড়া এলাকা এবং চট্টগ্রামের জালালাবাদস্থ বটতল এলাকার প্রবল বর্ষণে প্লাবিত অঞ্চলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি আশ্রয়হীন ক্ষতিগ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। পাশাপাশি তিনি চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার অন্তর্গত বাংলাবাজার ব্যাংক কলোনি পাহাড়ের ফাটল স্থান পরিদর্শন করেন ও এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। পরে তিনি রাঙ্গামাটি এসেছিলেন এবং ভোর সকালে ঢাকার উদ্দেশে রাঙ্গামাটি ত্যাগ করেন।