কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকে
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে কর্ণফুলী সরকারি কলেজ সংলগ্ন এলাকায় পাহাড় ধ্বসের ঘটনায় দুই শিশু আহত হয়েছে বলে জানা গেছে। এসব এলাকা থেকে মঙ্গলবার ৮০জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে উপজেরা প্রশাসনের সুত্রে জানা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে টানা বর্ষণের মধ্যে পাহাড়ধসের ঘটনায় দুই শিশু আহত হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ৮০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। আহত দুই শিশুর পরিবারের বসতঘরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আহত দুই শিশু হলো ফরহাদ ইসলাম ছোটন (৫), বেলাল হোসেনের ছেলে এবং আরিয়ান ইসলাম জোহান (১০), মনির হোসেনের ছেলে। দুপুর সাড়ে ১২টার দিকে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের একটি বড় অংশ ধসে বসতঘরের ওপর আছড়ে পড়ে। এতে ঘরের ভেতরে থাকা দুই শিশু মাটিচাপা পড়ে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় দুই শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, আহত দুই শিশুর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত হওয়ায় চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, বর্তমানে কর্ণফুলী সরকারি কলেজের দুটি কক্ষে ৫০ জন এবং সংলগ্ন স্টেডিয়ামের দুটি কক্ষে আরও ৩০ জন আশ্রয় নিয়েছেন। আশ্রিত পরিবারগুলোর জন্য খাবার ও প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদস্থানে ফিরতে আহ্বান জানিয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত পরিবার প্রয়াজনীয় সহায়তার জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
কাাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানান, আহত দু’শিশুকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে। আমারা তাদের এবং পরিবারের খোঁজ নিয়েছি।