কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে আহত ৪
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই-চট্টগ্রাম সড়কে বিজিবি ফটকের সামনে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। শনিবার (৯ মে) বিকাল সাড়ে ৫টায় কাপ্তাই উপজেলার ৫নম্বর ওয়াগ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
থানা সুত্রে জানাযায়, যাত্রিবাহী একটি সিএনজি উপজেলা সদর বরইছড়ি এলাকা হতে যাত্রী নিয়ে কাপ্তাইয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওয়াগ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার সামনের মোড়ে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমূখী সংর্ঘষ হলে এতে ৪জনই গুরুতর আহত হয়। এসময় দুর্ঘটনায় সিএনজি চালক মোঃ সায়মুন (২০), যাত্রী মোঃ জিদান (২০) এবং মোটরসাইকেল চালক শাহিন আলম (২৭) ও মোঃ রানা (১৭) আহত হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। আহতদের মধ্যে মোটরসাইকেল চালক শাহিন আলম গুরতর আহত হয়েছেন বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি। তার ডান হাত ভেঙে যায় এবং গলায় কেটে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্ঘটনার পর কাপ্তাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে।