বান্দরবনের রোয়াংছড়িতে উপজেলা লিগ্যাল এইড কমিটির সভা অনুষ্ঠিত
॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবনের রোয়াংছড়ি উপজেলায় উপজেলা লিগ্যাল এইড কমিটির অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
মঙ্গলবার (২৮এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন এর সহযোগিতা ও সুইডেন সরকার-এর অর্থায়নে গ্রাউস-এর উদ্যোগে বাস্তবায়িত ‘ক্রিয়া’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।
সভায় ‘ক্রিয়া’ প্রকল্পের প্রজেক্ট অফিসার অংচউ মারমার সঞ্চালনায় উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতিত্ব করেন। সভায় অর্ধবার্ষিক কার্যক্রম, আইনগত সহায়তা সেবা সম্প্রসারণ, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়াল থান লিয়ান বুইটিং, ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, ৪নং নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মারমা, উপজেলা কৃষি কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মেহেদী জামান, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুচিংপ্রু সহ গ্রাউস-এর ‘ক্রিয়া’ প্রকল্পের সমন্বয়কারী অম্লান চাকমা ও অন্যান্য সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা বলেন, আইনি সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে নারীদের ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।