প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মাটিরাঙ্গা ইউএনও
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বর্তমান শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের নকলের চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। মানসম্মত শিক্ষার জন্য নিয়মিত ও গভীর পড়াশোনার কোনো বিকল্প নেই। মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ওপর গুরুত্বারোপ করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাহমুদুর রহমান এসব কথা বলেন।
রবিবার (১৯ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার হলরুমে আয়োজিত ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের সবক দান, দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন জয়নাল, গোমতী পশ্চিম পাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জব্বার, আনোয়ার বেগম দাখিল মাদ্রাসার সুপার হুমায়ুন কবিরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধাান অতিথি আরও বলেন, বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতামূলক। এই বিশ্বে নিজের অবস্থান তৈরি করতে হলে কেবল পাঠ্যবই নয়, বরং সৃজনশীলতা, নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে। সময়ের প্রয়াজনে প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত হয়ে দক্ষতা বৃদ্ধির জন্যও তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্লাহর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া এবং পৌর বিএনপির সভাপতি মোঃ শাহজালাল কাজল।
মাদ্রাসার আরবি প্রভাষক মোঃ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের সবক প্রদান করেন আরবি প্রভাষক মোঃ আব্দুল করিম। বক্তারা শিক্ষার্থীদের নৈতিক জীবন গঠন এবং সুশৃঙ্খলভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসন্ন দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং মেধা ও কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।