শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

বৈষম্যমুক্ত নবম পে-স্কেল অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করার দাবি

১৩

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
বৈষম্যমুক্ত নবম পে-স্কেল অবিলম্বে গেজেট আকারে প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে মাটিরাঙ্গায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন সরকারি কর্মচারীরা। সোমবার (২ফেব্রুয়ারি) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে টানা দ্বিতীয় দিনের মতো এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার নবম পে-স্কেল সংক্রান্ত বিভ্রান্তিকর ও শ্রমিকস্বার্থবিরোধী বক্তব্য প্রত্যাহারের জোরালো দাবি জানানো হয়। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে (সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি ও কর্পোরেশনের জাতীয় ভিত্তিক ও দাপ্তরিক কর্মচারী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত জোট) এ কর্মসূচি পালিত হচ্ছে। মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আয়োজনে ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত টানা এই আন্দোলন কর্মসূচি চলবে।

কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা সরকারি কর্মচারী ক্লাবের উপদেষ্টা মোঃ নুর আলম, সভাপতি মোঃ সানাউল্লাহ রাব্বি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রউফ, কোষাধ্যক্ষ প্রফুল্ল ত্রিপুরা, সহ-সভাপতি শরীফ আহাম্মদ সুমনসহ বিভিন্ন দপ্তরের শতাধিক সরকারি কর্মচারী।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীরা আজ চরম অর্থনৈতিক সংকটে দিন কাটাচ্ছেন। অথচ বারবার প্রতিশ্রুতি দিয়েও সরকার নবম পে-স্কেল বাস্তবায়নে গড়িমসি করছে, যা সরাসরি কর্মচারী সমাজের সঙ্গে প্রতারণার শামিল। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায়ে সরকার যদি অনতিবিলম্বে কার্যকর সিদ্ধান্ত না নেয়, তাহলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং এর সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তাবে। নেতৃবৃন্দ আরও বলেন, ন্যায্য বেতন কাঠামো কোনো অনুগ্রহ নয় এটি সরকারি কর্মচারীদের সাংবিধানিক অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান ও আন্দোলন অব্যাহত থাকবে।