বাত্রিকস’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা
ত্রিপুরা জাতির আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে ‘বাত্রিকস ও টিএসএফ
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা-এমপি বলেছেন, ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং আগামীতে সমৃদ্ধি অর্জনে বর্তমান প্রজন্মকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রচলিত শিক্ষার সাথে তথ্য প্রযুক্তি মাধ্যমে এগিয়ে যেতে হবে। তথ্য প্রযুক্তির বিপ্লব ঘটাতে না পারলে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাবে।
খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত রবিাবর (৭আগস্ট) জেলা শহরের মিলনপুরস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ’র শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ত্রিপুরা জাতির আর্থ-সামাজিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জাতিকে সংস্কৃতির উন্নয়নের সাথে সম্পৃক্ত থাকা অত্যন্ত জরুরী। শিক্ষা ও সংস্কৃতির দিক দিয়ে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ গুরুত্বারোপ ও সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। জাতির উন্নয়নে বিটিকেএস ও টিএসএফ’র অবদান অনস্বীকার্য। বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’র অনুমোদন ছাড়া কোন ত্রিপুরা সংগঠন জাতির কল্যান ও উন্নয়ন হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এসময় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সহযোগি সংগঠন হিসেবে ‘বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ নামে আরেকটি সংগঠন আত্মপ্রকাশ হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান উল্লাস ত্রিপুরাকে আহবায়ক, বাত্রিকস’র খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার যুগ্ম সম্পাদক ও টিএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নবলেশ্বর ত্রিপুরাকে সদস্য-সচিব ও বান্দরবানের জন ত্রিপুরাকে সদস্য করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বাত্রিকস)’র সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। আগামী তিনমাস পরে নির্দিষ্ট সংখ্যক পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়।
বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, বাংলা একাডেমী পদকপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, বাত্রিকস’র প্রতিষ্ঠাকালীন সদস্য রনজিৎ নারায়ন ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (অবঃ) দীনময় রোয়াজা, বাত্রিকস’র সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, আজীবন সদস্য অমিয় কান্তি ত্রিপুরা প্রমুখ। আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি বিবিসুৎ ত্রিপুরা (সুকান্ত)।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ত্রিপুরা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য কাজ করছে বাত্রিকস। এসময় ত্রিপুরাদের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিসের সমন্বয়ে একটি জাদুঘর, সাহিত্য চর্চার জন্য প্রকাশনা ঘর ‘লাইব্রেরী’ করার প্রস্তাব করেন লেখক প্রভাংশু ত্রিপুরা। এদিকে বিচার ব্যবস্থা বিষয়ে বাত্রিকসকে কাজ করার অনুরোধ করেন বাংলাদেশ ব্যাংকের (চট্টগ্রাম অঞ্চল) উপ-মহাব্যবস্থাপক (অবঃ) দীনময় রোয়াজা। আর ত্রিপুরাদের সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বাত্রিকস ও টিএসএফ’কে ত্রিপুরাদের সর্বজনীন কল্যানার্থে কাজ করার আহবান জানান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা।
এছাড়াও বক্তারা ত্রিপুরা জাতির শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
এসময় সংগঠনের সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, সাাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য অপূর্ব ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা, দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, তথ্য প্রচার সম্পাদক পূর্ণ বিকাশ ত্রিপুরা, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কনক বরণ ত্রিপুরা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মথুরা বিকাশ ত্রিপুরা, ধর্ম, সমাজকল্যাণ, দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা সম্পাদক তপন বিকাশ ত্রিপুরা, আইন, বিচার ও ভূমি বিরোধ নিস্পত্তি বিষয়ক সম্পাদক সনজীব ত্রিপুরা, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক সুনেন্দু বিকাশ ত্রিপুরা, যুব ও ক্রীড়া উন্নয়ন সম্পাদক উল্লাস ত্রিপুরা, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদক বিউটি রানী ত্রিপুরা, ,ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরাসহ কার্বারী-হেডম্যানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাত্রিকস’র বিভিন্ন জেলা-উপজেলা-আঞ্চলিক-ইউনিয়ন শাখা বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (ইঞকঝ) বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন। সংগঠনটি ৭ আগস্ট ১৯৬৫ সালের প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশের অধিকাংশ ত্রিপুরা জনগণ পার্বত্য চট্টগ্রামে বসবাস করলেও চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর, সিলেট, হবিগঞ্জ, ফরিদপুর এলাকাসহ সমতলের বিভিন্ন অঞ্চলেও এই জাতিসত্তার বসবাস রয়েছে। সকল ত্রিপুরা জনগণকে একটি সাধারণ প্লাটফর্মের আওতায় আনার লক্ষ্যে ত্রিপুরা সামাজিক নেতৃবৃন্দের উদ্যোগে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ প্রতিষ্ঠিত হয়। এই সংগঠন বাংলাদেশে বসবাসরত ত্রিপুরা আদিবাসীদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন হিসেবে নেতৃত্ব দিয়ে যাচ্ছে।