রাঙ্গামাটির বরকলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক। এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন ১ নম্বর সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শান্তনু দাস, বরকল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিরত বরন চাকমা ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, ৭ই নভেম্বর আমাদের জাতীয় ও রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী ও জনতার মধ্যকার যে অভূতপূর্ব একতা ও দেশপ্রেম জাগ্রত হয়েছিল, তা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে বড় ভূমিকা রাখে।
ঐতিহাসিক এই দিনটির মূল শিক্ষা হলোযেকোনো জাতীয় সংকট ও বিশৃঙ্খলার মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এ দিবসের গুরুত্ব অপরিসীম।