স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর ভোট বর্জন
বান্দরবানের লামায় সরই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন
॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
জালভোট, ভোট কারচুপি, কেন্দ্র দখল, কেন্দ্র থেকে প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হানিফ কে মারধরের প্রতিবাদে “ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১” থেকে লামা উপজেলার সরই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবু হানিফ ভোট বর্জন করেছেন। বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে লামা রিপোর্টার্স ক্লাবের হলরুমে এই সাংবাদিক সম্মেলন করেন এই প্রার্থী।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে ৯টা পর্যন্ত সুন্দর ভোট গ্রহণ চলে। তারপর থেকে সরকার দলীয় লোকজন ৮টি কেন্দ্র (১ থেকে ৮নং) দখল করে জালভোট দেয়া শুরু করে। সকাল সাড়ে ৯টায় ৬নং ভোট কেন্দ্র কম্পনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে দেখা যায় সেখানে সরকার দলীয় লোকজন জাল ভোট ও ব্যালেটে সীল মারছিল। তিনি উপস্থিত হলে প্রথমে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ ইদ্রিছ কোম্পানী তাকে থাপ্পর মারে। পরে তার লোকজন জড়ো হয়ে তাকে মারধর করে ও গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। তিনি বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে জানালে তারা কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন।
তিনি আরো বলেন, ৬ ও ৭নং ২টি কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। অন্যান্য কেন্দ্র গুলো থেকে সকাল ৯টার পর এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ভোটের কোন পরিবেশ না থাকায় জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তিনি নিরাপত্তাহীনতা ভুগছেন দাবি করে ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ বর্জন করার ঘোষনা দেন। তিনি সরই ইউনিয়নে পুণরায় নির্বাচনের দাবি জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ নভেম্বর) বান্দরবানের লামা উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। সরই ইউনিয়নের অভিযোগ ছাড়া বাকী ৬টি ইউনিয়নে সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।