বান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫
॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচিতে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রইজার জীপ নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার তিন্দুমুখ এলাকার তিন্দু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ জসিম ও মোঃ জিয়াবুল। আহতদের মধ্যে রয়েছে মো. রাসেল, মোঃ লিটন শিকদার, কাদের হোসেন ও শাহজালালের পরিচয় জানা গেছে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চকরিয়ার খুটাখালী থেকে একটি পর্যটকদল ল্যান্ডক্রুজারে করে আলীকদম হয়ে থানচির তিন্দুমুখ ও বাঘেমুখ এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলে গাড়িটি তিন্দুমুখের তিন্দু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই গাড়িটি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও পাঁচজন।
দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় তারা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে পাঠানো হয়।
বলিপাড়া ৩৮ বিজিবির উপপরিচালক মেজর মোঃ জাকির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেছে। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে তৎপরতা চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গম এলাকা হওয়ায় মরদেহ উদ্ধার ও পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ টিম পাঠানো হয়েছে। আমরাও নদীপথে নৌকাযোগে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি।