॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকল উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বরকল উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা আয়োজন করা হয়।
হেলেন কেলার ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের বাস্তবায়নে আয়োজিত এ সমাপনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আসলাম সারোয়ার।
সভার শুরুতে প্রকল্পের সার্বিক কার্যক্রম ও অর্জন তুলে ধরে স্বাগত বক্তব্য এবং মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন আশিকার উপজেলা প্রকল্প সমন্বয়কারী মিন্টু চাকমা। তিনি জানান, রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলায় বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় বরকল উপজেলায় পুষ্টি, জীবিকায়ন ও ওয়াশ (পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি) এই তিনটি খাতে কাজ করা হয়েছে।
প্রকল্পের মধ্যে রয়েছে পুষ্টি সহায়তা: ৩০ জন তীব্র অপুষ্টিতে আক্রান্ত (ঝঅগ) এবং ১৩৫ জন মাঝারি অপুষ্টিতে আক্রান্ত (গঅগ) শিশুর পরিবারকে পুষ্টিকর খাদ্য (ফুড বাস্কেট) কেনার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান। জীবিকায়ন উন্নয়ন: ২৮ জন উপকারভোগীকে আয়বর্ধক কর্মকাণ্ড পরিচালনার জন্য জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান।ওয়াশ ও স্যানিটেশন: ২৮টি জলবায়ু সহিষ্ণু স্যানিটারি ল্যাট্রিন এবং ২টি পানির উৎস (ওয়াটার পয়েন্ট) নির্মাণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম সারোয়ার বলেন, আমি নিজে সরেজমিনে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছি। স্বল্প সময়ের মধ্যে বাস্তবায়িত এ উদ্যোগগুলো প্রান্তিক মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ হয়েছে। প্রকল্পটির মেয়াদ আরও কয়েক বছর বাড়ানো গেলে এলাকার মানুষ আরও উপকৃত হতো বলে তিনি মন্তব্য করেন এবং ভবিষ্যতেও আশিকা অন্য কোনো প্রকল্পের মাধ্যমে বরকলের উন্নয়নে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে ডা. সমাপন চাকমা প্রকল্পের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য আশিকাকে ধন্যবাদ জানান। এছাড়া হেলেন কেলার ইন্টারন্যাশনালের সিনিয়র নিউট্রিশন অফিসার মংবাথুই মারমা সীমিত সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের কথা তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় অংশীজন এবং প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, সরকারি-বেসরকারি দপ্তর ও স্থানীয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।