বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী এলাকায় পাহাড়ি ও বাঙালি জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে সেনাবাহিনী।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে ৩৪ নং রুপকারী ইউনিয়নের রুপালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় রুপকারী ইউনিয়নের করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী এলাকা ও আশপাশের বিভিন্ন গ্রামের আনুমানিক ২৬৪ জন পাহাড়ি ও বাঙালি জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
বাঘাইহাট জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ হাবিবুল্লাহ হাবিব এবং ক্যাপ্টেন মানিয়া মুর্শিদা তৃণ উপস্থিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঙালি পাড়ার মেম্বার মোঃ নুরু, কারবারি বিজয় সেন, মেম্বার নিউটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দুর্গম পাহাড়ি এলাকার জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাঘাইহাট জোনের আওতাধীন দুর্গম ভুয়াছড়ি, মাসালং ১৪ কিলো, গঙ্গারাম বাজার, বাঘাইহাট, মুশফিক এলাকায় এমএ গাফফার বেসামরিক প্রাথমিক বিদ্যালয়, সাজেক পর্যটন এলাকায় কমিউনিটি ক্লিনিক এবং ক্ষেত্রপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ করেঙ্গাতলী ক্যাম্পের আওতাধীন রুপকারী ইউনিয়নের রুপালী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে স্থানীয় জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়।
বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম এলাকার পাহাড়ি ও বাঙালি জনসাধারণের চিকিৎসা সেবার বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।