বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ
॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জুলাই) সকালে দীঘলছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রদর্শনের আয়োজন করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, ওয়ার্ড সদস্য জ্যোতিময় চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অসীম চাকমা এবং প্রধান শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা একটি শিশুর জীবন গঠনের মৌলিক ভিত্তি। শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সাথে পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।
পরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির আওতায় বিলাইছড়ি উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছের চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।