আগামীর নির্বাচনেও শক্তিশালীভাবে অংশগ্রহণ করতে হবে, মাটিরাঙ্গায় বিএনপি’র সভা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা ও মূল্যায়ন সভা আয়োজন করেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি। সভায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটগ্রহণ প্রক্রিয়া, দলীয় কার্যক্রম এবং ভবিষ্যতের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার চৌধুরী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার।
সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং প্রশাসনের ভূমিকা নিয়ে নিজস্ব অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এম.এন আবছার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই শেষ নয় বরং এ নির্বাচনের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আগামী সকল নির্বাচনে আরও শক্তিশালীভাবে অংশগ্রহণ করতে হবে। তিনি সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান, দলীয় বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে এবং ভবিষ্যতের প্রতিটি নির্বাচনে সুশৃঙ্খল ও সমন্বিতভাবে ভূমিকা রাখতে।
সভায় প্রতিকূল পরিবেশে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকার প্রশংসা করা হয় এবং দলকে ভবিষ্যতে আরও সুসংগঠিত করার ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি জনগণের আস্থা অর্জন এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী ও নাছির আহম্মেদ চৌধুরী, পৌর বিএনপির সভাপতি শাহ জালাল কাজলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা তৃণমূলের সমস্যা ও নির্বাচনের সময়কার নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন। এসব বিষয় পর্যালোচনা করে আগামী দিনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভা শেষে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে উপস্থিত সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।